ভাড়া নিয়ে বিতণ্ডা, মাথা ফাটালেন যাত্রী
চট্টগ্রামের সাতকানিয়ায় অতিরিক্ত ভাড়া দাবিকে কেন্দ্র করে মো. জসিম উদ্দিন (২২) নামের এক অটোরিকশা চালকের মাথা ফাটালেন এক যাত্রী। আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার আনুফকিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুজন যাত্রী সাতকানিয়া রাস্তার মাথা থেকে আনুফকিরের দোকানের দক্ষিণ পাশে মনটানা কমিউনিটি সেন্টার এলাকায় আসেন। যাত্রীরা অটোরিকশা থেকে নামার পরপরই অতিরিক্ত ভাড়া দাবিতে কেন্দ্র করে চালক জসিমের সঙ্গে যাত্রী আবুল কালাম ও আবু ছৈয়দের তর্কাতর্কি হয়। একপর্যায়ে যাত্রী আবু ছৈয়দ হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে জসিমের মাথায় আঘাত করেন। এতে জসিমের মাথা ফেটে রক্ত বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা জসিমকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত জসিম উদ্দিনের ভাষ্য, রাস্তার মাথা থেকে ১০০ টাকা ভাড়ায় দুজন যাত্রী নিয়ে তিনি মনটানা এলাকায় আসেন। তবে বৃষ্টিতে ভিজে গাড়ি চালানোর কারণে ২০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেন তিনি। এতে একজন যাত্রীর মুঠোফোনের আঘাতে তাঁর মাথা ফেটে গেছে।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর সাইফুল আলম বলেন, অতিরিক্ত ভাড়া দাবিকে কেন্দ্র করে যাত্রীর মুঠোফোনের আঘাতে জসিম নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন। পরে ওই যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজিব মিয়া বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।