সিলেট নগরের পাঠানটুলা এলাকায় ভাড়া বাসা না ছাড়ায় আবদুল্লাহ ওরফে অন্তর (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল লোক। গতকাল রোববার বেলা দেড়টার দিকে হত্যার এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী। ভাড়া না দিয়ে বাসায় অবস্থান করায় আবদুল্লাহকে বাসার মালিকের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, আবদুল্লাহর বাড়ি রাজশাহীতে। তিনি বেসরকারি একটি হাসপাতালের সেবিকাকে বিয়ে করে পাঠানটুলার পার্ক ভিউ আবাসিক এলাকার এ-ব্লকের মোহনা ১০৯ নম্বর বাসা ভাড়া নিয়ে সেখানে প্রায় এক বছর ধরে বসবাস করছিলেন। গত প্রায় তিন মাস ভাড়া না দেওয়ায় গতকাল বেলা একটার দিকে বাসার মালিক সুলতান সানি ওই বাসায় যান। এ সময় আবদুল্লাহ বাসায় ছিলেন। ভাড়া পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাসার মালিকের সঙ্গে ছাত্রলীগের একদল কর্মী যোগ দেন। তাঁরা আবদুল্লাহকে ওই সময় বাসা ছাড়ার কথা বলেন। আবদুল্লাহ এতে ক্ষোভ দেখালে সুলতান সানির সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীরা তাঁকে বাসা থেকে জোর করে বের করে দেন। আবদুল্লাহ তখন তাঁদের দেখে নেওয়ার হুমকি দিলে তাঁকে ধাওয়া দিয়ে ধরে রাস্তার পাশে ফেলে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই আবদুল্লাহ নিহত হন।
ঘটনার পর সুলতান সানিকে ওই বাসায় আর পাওয়া যায়নি।
অভিযোগ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম বলেন, এটা ব্যক্তিগত ঘটনা। বিষয়টি রাজনৈতিক নয়। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, বাসাভাড়া না দেওয়ার দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃদ্ধার লাশ উদ্ধার: সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে হাইওয়ে পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল আটটার দিকে মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।