নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেটের ৫০০ দোকানের ভাড়া ১৪ মাস ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা ইয়াছিন মিঞা তুলে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দোকানমালিকেরা গতকাল রোববার দুপুরে নগর ভবনে গিয়ে সিটি মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, মিতালী মার্কেটে ৬ হাজার দোকান আছে। এর মধ্যে ৫০০ দোকানের ভাড়া ২০১৬ সালের জানুয়ারি থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিঞা তাঁর ক্যাডারদের দিয়ে জোরপূর্বক তুলে নিচ্ছেন। ইয়াছিন মিঞার ২০-২৫ জন ক্যাডার প্রতি মাসের শুরুর দিকে মার্কেটের ৫০০ দোকানের ভাড়া ভাড়াটেদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। ফলে দোকানগুলোর প্রকৃত মালিকেরা ১৪ মাস ধরে ভাড়া পাচ্ছেন না। প্রতিটি দোকানের গড় মাসিক ভাড়া ২ হাজার টাকা। সেই হিসাবে ইয়াছিন মিঞা প্রতি মাসে ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগী দোকানমালিকেরা প্রথম পর্যায়ে বিষয়টি মিতালী মার্কেট মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলামকে জানান। তবে তিনি কোনো প্রতিকার করতে পারেননি। গত ২৫ ফেব্রুয়ারি দোকানমালিকেরা সিদ্ধিরগঞ্জ থানায় প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
মো. রাসেল নামের এক দোকানমালিক রাজধানীতে থাকেন। তিনি বলেন, প্রবাসজীবনের কষ্টার্জিত ১২ লাখ টাকায় মিতালী মার্কেটে দুটি দোকান কিনে ভাড়া দিয়েছেন তিনি। মার্কেটের মালিক সমিতির চাঁদাও তিনি নিয়মিত পরিশোধ করছেন। অথচ আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ইয়াছিন মিঞা ১৪ মাস ধরে তাঁর দোকানের ভাড়া হাতিয়ে নিচ্ছেন।
ইয়াছিন মিঞা নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। পরে মামলার অভিযোগপত্র থেকে পুলিশ তাঁকে অব্যাহতি দেয়। ইয়াছিন মিঞা দোকানমালিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব দোকান আমি কিনেছি। সময় নিয়ে কাগজপত্রসহ বসতে হবে। আমার দোকানের ভাড়া আমি তুলি।’
মিতালী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, দোকানদারদের অভিযোগ সঠিক। কমর আলী নামের এক ব্যক্তি ভুয়া দলিল বানিয়ে ৫০০ দোকানের জমির মালিকানা দাবি করছেন। কমর আলীর কাছ থেকে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) নিয়ে ইয়াছিন মিঞা নিজেকে ৫০০ দোকানের মালিক দাবি করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল আলম বলেন, দোকানমালিকদের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।