ভাড়াটিয়া দম্পতির ছুরিকাঘাতে বাড়িওয়ালি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়া দম্পতির ঝগড়া থামাতে গিয়ে সেলিনা আক্তার (৪৮) নামের বাড়ির মালিকের স্ত্রী খুন হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সেলিনা আক্তার সিদ্ধিরগঞ্জ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ্ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাবুল প্রধানের বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ওই ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী সেলিনা আক্তার বিষয়টি মীমাংসা করতে যান। একপর্যায়ে ভাড়াটিয়া দম্পতি বাড়ির মালিকের স্ত্রী সেলিনা আক্তারকে গলায় ছুরিকাঘাত করে। বাড়ির অন্য ভাড়াটিয়ারা তাঁকে দ্রুত উদ্ধার করে নগরীর খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনার পরপরই ভাড়াটিয়া দম্পতি পালিয়ে গেছে। তাঁদের নাম ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।