ভাড়াটে সেজে এসে খুন করে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • হত্যাকাণ্ডে কতজন অংশ নিয়েছে, তা নিশ্চিত নয় পুলিশ।
  • পশ্চিম নাখালপাড়ায় পাঁচ পুরুষ ধরে বাস করছেন আমেনা বেগমরা।

গত মাস থেকেই বাড়িটিতে ‘টু লেট’ নোটিশ ঝুলছিল। রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় আমেনা বেগমের পাঁচতলা বাড়ির নিচতলার একটি কক্ষের ভাড়াটে চলে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষটি ভাড়া নিতে এসেছিল কে বা কারা। তাদের কক্ষটি দেখাতে ভেতরে নিয়ে যান আমেনা বেগম (৭০)। ঘরে ঢুকে ওই অজ্ঞাত আততায়ীরা আমেনা বেগমকে খুন করে চলে যায়।
কিছু একটা ঘটেছে তা প্রথমে আঁচ করতে পারেন আমেনা বেগমের ছোট ছেলের স্ত্রী বর্ষা। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর শাশুড়ি ভাড়াটেকে ঘর দেখাতে যাচ্ছেন বলে বেলা দুইটার দিকে দোতলা থেকে নিচতলায় যান। আধা ঘণ্টা পেরোনোর পরও শাশুড়ি ফিরে না আসায় তিনি নিচতলায় যান। দেখেন দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন রান্নাঘরে তাঁর শাশুড়ি পড়ে আছেন।
নিচতলার অন্য একটি কক্ষের ভাড়াটে মণি বেগম প্রথম আলোকে বলেন, আমেনা বেগমের ছোট ছেলের স্ত্রী বর্ষা তাঁর কাছে টর্চলাইট চান। বলেন, তাঁর শাশুড়ি নিচে পড়ে রয়েছেন। তিনি শাশুড়িকে ওঠানোর জন্য তাঁর জাকে ডেকে আনেন। টানাটানি করে বের করে এনে তাঁরা দেখেন, আমেনার মাথার খুলির একটা অংশ ঘরে পড়ে রয়েছে। আর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। প্রথমে তাঁরা ধারণা করেছিলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী আমেনা বেগম মাথা ঘুরে পড়ে গেছেন। মণি বেগম জানান, যে কক্ষটিতে আমেনা বেগমকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, সেটি খুবই অন্ধকার। দিনের বেলাতেও আলো জ্বালতে হয়।
আমেনা বেগমকে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, আমেনা বেগম খুন হয়েছেন। মাথায় আঘাত ছাড়াও তাঁর হাতের কবজিতে ছুরিকাঘাত রয়েছে। মৃতদেহ উদ্ধারের পর তাঁর হাতের সোনার চুড়ি ও গলার হার পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সাত্যকি কবিরাজ সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডে কতজন অংশ নিয়েছে, সে সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল পর্যন্ত নিশ্চিত নয়।
স্বজনেরা জানান, পশ্চিম নাখালপাড়ায় পাঁচ পুরুষ ধরে বাস করছেন আমেনা বেগমরা। তিনি পাঁচতলা বাড়ির দোতলায় ছোট ছেলের সঙ্গে থাকতেন। চতুর্থ তলায় সস্ত্রীক থাকেন বড় ছেলে। একই জায়গায় তাঁর ১০ ভাইয়ের আরও ১০টি বহুতল বাড়ি আছে।
বাড়িটির ঠিক উল্টো পাশে রহমান জুয়েলার্স। সন্ধ্যাবেলায়ও স্বর্ণকার মোক্তার হোসেন সেখানে গয়না গড়ার কাজ করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, দিনভরই দোকানে ছিলেন তিনি। অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। গলির মুখের দোকান ফারহান ট্রেডার্সের মালিক মো. সাইদুল করিম বলেন, এলাকাটি এমনিতে খুবই শান্তিপূর্ণ। বাসিন্দাদের সবাই প্রায় পুরোনো। এলাকাটি সব সময় সরগরম থাকে। এমন জায়গায় খুনি খুন করে কী করে পালাল, তা ভেবে পাচ্ছেন না তিনি।