ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাইয়ের অভিযোগে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)। তাঁরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। তাঁদের কাছে চারটি ছোরা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান করেন। বাড়ি যাবেন, তাঁদের কাছে টাকা নেই, কিছু আর্থিক সহযোগিতা দরকার—এমন সব কথা বলে যাত্রীদের কাছে ভিক্ষা চান। এরপর সুযোগ বুঝে ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর সবকিছু লুটে নেন।

পুলিশ আরও জানায়, এ ধরনের ছিনতাইকারীরা মূলত বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান করেন। তাঁদের টার্গেট দূরপাল্লার যাত্রীরা। বিশেষত নারী, বয়োজ্যেষ্ঠ ও সহজ–সরল প্রকৃতির ব্যক্তিরা তাঁদের প্রধান টার্গেট। তাঁরা প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে কিছুটা নির্জন স্থানে সালাম দিয়ে থামান। এরপর তাঁদের সমস্যার কথা বলতে থাকেন। একপর্যায়ে অন্য সহযোগীরা এসে ছিনতাইয়ের কাজ সেরে ফেলেন।