ভিক্ষু হত্যার সুষ্ঠু বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যা হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। ওই কর্মসূচিতে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বক্তারা বলেছেন, সব ধর্মের মানুষ এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। আজ সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশকে মৌলবাদী ও সাম্প্রদায়িক দেশ বানানোর জন্য এসব হত্যাকাণ্ড হচ্ছে। এটি করছে একাত্তরের পরাজিত শক্তিরা। তিনি এসব হত্যাকাণ্ডের পেছনে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনকে দায়ী করে বলেন, যত দিন জামায়াত ও তার সহযোগী সংগঠন নিষিদ্ধ হবে না, তত দিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় স্বজনেরা জড়িত।
সাম্যবাদী বলের সভাপতি দিলীপ বড়ুয়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, এর আগেও বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এই হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। পারিবারিক কারণে তাঁর মৃত্যু হয়নি। তাঁর সঙ্গে পরিবারের কোনো সংযোগ ছিল না।
রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার বলেন, ‘এমন হত্যাকাণ্ড আমরা কখনো আশা করি না।’ এই হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি না করে তিনি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার তাগিদ দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, এই হত্যাকাণ্ডে ধূম্রজাল তৈরি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এখনো নানাভাবে বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে, দেশত্যাগের হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সব ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও বলেন, ‘আমাদের দেশকে আমরা পাকিস্তান বা আফগানিস্থানের মতো হতে দিতে পারি না। সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের হত্যা বন্ধে কাজ করতে আহ্বান জানান তিনি।
বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বিপ্লব বড়ুয়া বক্তব্য দেন।