ভিক্ষু হত্যায় জড়িত সন্দেহে আরও একজন গ্রেপ্তার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর নাম সরোয়ার (২৮)।
পুলিশ জানায়, বৌদ্ধ ভিক্ষুকে হত্যার রাতে বাইশারীর মধ্যম চাকপাড়ায় একটি বাড়িতে ছিলেন সরোয়ার। ভোরে তিনি এলাকা ছেড়ে যান। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তিনি কাঠের ব্যবসা করেন। ব্যবসার কারণে চাকপাড়ায় তাঁর যাতায়াত ছিল।
গত ১৪ মে সকালে বাইশারী ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামের একটি বৌদ্ধবিহার থেকে ভিক্ষু ধাম্মা ওয়াসার (উ গাইন্দ্যা) লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস।
ভিক্ষু হত্যার ঘটনায় দুই রোহিঙ্গাসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খুনের রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা বাইশারী পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার রাতে সরোয়ার ভিজা কাপড়ে মধ্যম চাকপাড়ার একটি বাড়িতে যান। ওই বাড়ির সদস্যরা তাঁর পূর্বপরিচিত। ভোরে তিনি চলে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই চাক পরিবারের সন্দেহ, সরোয়ার বৌদ্ধ ভিক্ষু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।
এসআই বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু হত্যার পর থেকে চট্টগ্রামে থাকাকালে তিনি মুঠোফোনে কথা বলার জন্য বেশ কয়েকটি সিম ব্যবহার করেছেন। তাঁকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
বান্দরবান আদালতের জিআরও জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার সরোয়ারকে গতকাল আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড চায়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।