ভিক্ষুকের কাছে হেরোইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইনসহ ভিক্ষুকবেশী এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির নাম আবদুল কাইয়ুম (৫০)। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে। গোদাগাড়ী থানার (এসআই) মেহেদী হাসান বলেন, আবদুল কাইয়ুম এক যুগের বেশি সময় ধরে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ পেশার আড়ালে তিনি আসলে গোদাগাড়ীর হেরোইন ব্যবসায়ীদের কাছে হেরোইন বহনের কাজ করতেন। গতকাল তাঁর কাছ থেকে প্রায় ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, হেরোইনসহ ওই ছদ্মবেশী ভিক্ষুককে আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।