ভিক্ষুকের গরু চুরি, পিটুনিতে নিহত ১
ভিক্ষুকের গরু চুরি করে পালাতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। গত সোমবার গভীর রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ওসমান আলী (৪৮)। তার বাড়ি জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ভ্যাটেশ্বর গ্রামে।
চলবলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শৈলেন্দ নাথ রায় ভিক্ষুক ছকিমুদ্দিনের (৫৫) ছেলে আমিনুল ইসলামের বরাত দিয়ে বলেন, আমিনুল রিকশা চালিয়ে সোমবার রাতে বাড়িতে ফেরার সময় দেখতে পান, তাঁর বাবার গরু চুরি করে চোরেরা পালিয়ে যাচ্ছে। আমিনুল এ সময় চিৎকার দিলে এলাকাবাসী চোরদের ধাওয়া করে। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও ওসমান কাছের একটি ধানখেতের মধ্যে ধরা পড়ে। তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে ভোরে ওসমান মারা যায়।
ছকিমুদ্দিন বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নিয়ে গরুটি কেনেন।
আদিতমারী থানার ওসি কফিল উদ্দিন বলেন, ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি সোহরাব হোসেন বলেন, ওসমান গণপিটুনিতে নিহত হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে।