ভিজিএফ কার্ড বিতরণ আ.লীগ নেতার নামে
নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতির নামে। এই নিয়ে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান ও সদস্যদের অনেকে ক্ষুব্ধ।
কুতুবপুর ইউপিতে ৭ হাজার ৫০০, ফতুল্লা ইউপিতে ৭ হাজার, কাশীপুর ইউপিতে ৪ হাজার, বক্তাবলী ইউপিতে ৩ হাজার ৫০০, এনায়েতনগর ইউনিয়নে ২ হাজার ৭৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। এ পাঁচটি ইউপি নিয়ে আওয়ামী লীগের ফতুল্লা থানা কমিটি গঠিত। প্রতিবছর দুই ঈদের আগে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রত্যেক দুস্থ ব্যক্তিকে ২০ কেজি চাল দেওয়া হয়। এ বছর এসব কার্ড বিতরণ করা হচ্ছে থানা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহর নামে। তিনি কাশীপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ১২ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে সাইফউল্লাহ বলেন, দলীয় সিদ্ধান্তে ভিজিএফ কার্ডে তাঁর নাম লেখা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। প্রকৃত অসহায়, দুস্থ ব্যক্তিরা যাতে কার্ড পান। যথাযথভাবে কার্ড বিতরণের জন্য প্রত্যেক ইউপিতে দলীয় নেতা-কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এনায়েতনগর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রোজিনা আক্তার বলেন, ‘আমি তিনটি ওয়ার্ডের প্রতিনিধি। কিন্তু আমাকে কার্ড দেওয়া হয়েছে মাত্র ৫০টি। এত অল্প কার্ড পাওয়ায় এখন সমস্যায় পড়েছি।’
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাহার আলী মণ্ডল বলেন, কার্ড বিতরণে কোনো অনিয়মের অভিযোগ এখনো আসেনি।