ভিজিএফের কার্ড নকল করার অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঈদুল আজহাকে সামনে রেখে গরিব ও দুস্থ ব্যক্তিদের ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলার কামাপুকুর ইউনিয়নে চাল কেনার সময় সাত বস্তা চালসহ বাবু হোসেন (৩০) নামে এক পাইকার ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নে কার্ড নকল করার অভিযোগে রবি (২৪) ও সোহাগ (১৮) নামে দুজনকে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, নাম-ঠিকানাহীন স্লিপের মাধ্যমে দুঃস্থ মহিলাদের দিয়ে ইউনিয়নের কিছু প্রতারক, চেয়ারম্যান-মেম্বারদের কাছের কিছু লোক ও রাজনৈতিক নেতা-কর্মীরা বারবার চাল উত্তোলন করছেন। আবার স্লিপে কোনো ওয়াের্ডর নাম উল্লেখ না থাকায় পাশের ওয়ার্ডের বাসিন্দাদের মাধ্যমেও ওই কাজটি করিয়ে নেওয়া হচ্ছে। এর বিনিময়ে ওই দুঃস্থ মহিলা ও পুরুষের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ২০-৩০ টাকা।
কামারপুকুরে ভিজিএফের চাল কেনার সময় কামারপুকুর গ্রামের বাবু হোসেনকে সাত বস্তা চালসহ আটক করা হয়।
এদিকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ভিজিএফ কার্ড নকল করার অভিযোগে ডাঙ্গাপাড়া গ্রামের রবি ও প্রজাপাড়ার সোহাগকে আটক করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।