ভিজিএফের গম না দেওয়ায় চেয়ারম্যানকে মারধর
দুস্থ ব্যক্তিদের ঈদের বিশেষ সহায়তার (ভিজিএফ) গম না দেওয়ায় বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান আবুল বাশার তালুকদারের ছেলে গোলাম কিবরিয়া তালুকদার এবং তাঁর লোকজন এই ঘটনা ঘটিয়েছেন বলে চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শী চারজন জানান, গতকাল দুপুরে শারিকখালী ইউপি কার্যালয়ের সামনে ওই ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের ঈদের বিশেষ সহায়তা ভিজিএফের গম বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় গোলাম কিবরিয়া তালুকদার ও তাঁর লোকজন সেখানে গিয়ে চেয়ারম্যান জাকির হোসেনের কাছে ৫০ বস্তা গম দাবি করেন। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিবরিয়া তালুকদার ও তাঁর লোকজন চেয়ারম্যানকে মারধর শুরু করেন। চেয়ারম্যানকে রক্ষায় ইউপির চৌকিদার মহিউদ্দিন, ইউসুফ শিকদার ও ছালাম মৃধা এগিয়ে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় গম বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গম বিতরণের আগে কিবরিয়া তালুকদার আমার কাছে ৫০ বস্তা গম দাবি করেন। আমি এ গম দিতে অস্বীকার করায় প্রথমে আমাকে গালাগাল করেন এবং কিলঘুষি ও লাথি মারেন। আমাকে রক্ষার জন্য সেখানে উপস্থিত চৌকিদারেরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে কিবরিয়া ও তাঁর লোকজন ৩৭ বস্তা গম নিয়ে গেছেন।’
গোলাম কিবরিয়া তালুকদার বলেন, ‘চেয়ারম্যান জাকির হোসেন জনপ্রতি ছয় কেজি করে গম বিতরণ করছিলেন। এ সময় আমি সেখানে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়ে প্রতিবাদ করি। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকটি কিলঘুষি মেরেছি।’ তবে তিনি গম নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজন বলেছে, কিবরিয়া তালুকদার চেয়ারম্যানকে মারধর করেছেন।
ইউএনও (ভারপ্রাপ্ত) মো. তৌছিফ আহম্মেদ বলেন, ‘চেয়ারম্যান সাহেব মুঠোফোনে আমাকে বিষয়টি অবহিত করেছেন। আমি ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’