ভিজিএফের গম ব্যবসায়ীর গুদামে
রংপুরের বদরগঞ্জে ভিজিএফের ৫০ কেজির প্রায় এক হাজার বস্তা গম পৌরশহরের নিখিল কুণ্ডু নামে এক ব্যবসায়ী কিনলেও এখন পর্যন্ত প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, খাদ্য অধিদপ্তরের বস্তায় সরকারি সিলমোহরযুক্ত ওই গম ওই ব্যবসায়ী কিনে গত রোববার বিকেলে ট্রলিতে করে পৌরসভার বাসটার্মিনালসংলগ্ন এলাকায় অবস্থিত বন্যা রাইস মিলে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় তিন সাংবাদিক সেখানে ছুটে গিয়ে ট্রলিসহ বস্তার ছবি তোলেন। অবস্থা বেগতিক ভেবে ট্রলি ও বস্তা রেখে চালক পালিয়ে যান। এ সময় দেখা যায়, ওই চালকলেরএকটি কক্ষে সরকারি সিলমোহরযুক্ত শতাধিক বস্তা গম মজুত রয়েছে। ঘণ্টাখানেক পর ব্যবসায়ী নিখিল কুণ্ডু এসে ওই গম নিজের দাবি করে বলেন, ‘গম সরকারি। কিন্তু আমি নগদ টাকায় তা কিনেছি। ভুল হয়েছে, আর কিনব না।’ কিন্তু গম কার কাছ থেকে কিনেছেন তা তিনি বলতে রাজি হননি।
ঘটনাস্থল থেকে ওই দিন স্থানীয় এক সাংবাদিক বিষয়টি ইউএনও মো. রাশেদুল হককে মুঠোফোনে অবগত করেন। তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় পরে রংপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি ওই সাংবাদিককে বলেন, ‘ভিজিএফের গম ব্যবসায়ীর ঘরে থাকা দণ্ডনীয় অপরাধ। এই গম কেউ বিক্রি করতে পারবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’ কিন্তু গতকাল বুধবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই গম উদ্ধার কিংবা অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ উঠেছে, ভিজিএফের গম উপজেলার অধিকাংশ ইউপির চেয়ারম্যান, সদস্য ও তাঁদের লোকজন দুস্থ লোকজনের মধ্যে বিতরণ না করে কম দামে ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বদরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভা ও ১০ ইউনিয়নে ৫৬ হাজার দুস্থ লোকজনের মধ্যে বিতরণের জন্য ৫৫৬ মেট্রিক টন চালের (আধা সরকারি পত্র) ডিও ছাড় দেওয়া হয়। এই চালের বিপরীতে খাদ্য অধিদপ্তর ৭৭৯ মেট্রিক টন গম সরবরাহ করে। এতে ইউনিয়ন পরিষদগুলোর ভাগে পড়ে ৬৮ থেকে ৭০ মেট্রিক টন করে গম। প্রতি ইউনিয়নে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার দুস্থ মানুষ ১৩ কেজি করে গম পাওয়ার কথা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক গম ব্যবসায়ী অভিযোগ করেন, ভিজিএফের গম কিনে তিনি মজুত করে রেখেছেন। সুযোগ বুঝে আবারও তা বেশি দামে সরকারি গুদামে ঢোকাবেন।
কালুপাড়া ইউনিয়নের স্কুলশিক্ষক আজাদুল হক অভিযোগ করেন, ‘আমার ইউনিয়নে অধিকাংশ দুস্থ লোকজনের মাঝে ভিজিএফের গম বিতরণ না করে তা ব্যবসায়ী নিখিলের কাছে বিক্রি করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে গতকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া বলেন, ‘ভিজিএফের গম বিতরণের সব কেন্দ্রে আমি যেতে পারিনি। কোনো দুস্থ গম পাওয়ার পর বিক্রি করলে আমাদের কিছু করার নেই। তবে বস্তাভর্তি গম বিতরণের নিয়ম নেই। কেউ এমন করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল দুপুরে ওই গম উদ্ধার কিংবা অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানতে ইউএনও মো. রাশেদুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নিতে পারছি না।’