ভিজিএফের চাল আত্মসাৎ, ইউপি সদস্যকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভিজিএফের চাল আত্মসাৎ করার অভিযোগে সালিস বৈঠকে এক ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতের মধ্যেই আত্মসাৎ করা চালের সমপরিমাণ টাকা বঞ্চিত ৩২ জন কার্ডধারীকে বুঝিয়ে দেওয়ার কথা।
উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মানিক, আশরাফ আলী, খলিলুর রহমান, আবদুল গনি ও সীতা রানী জানান, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের এক হাজার ৪১১ জন গরিব মানুষকে দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) প্রকল্পের জন্য বাছাই করা হয়। এঁদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে ৮৬ জনকে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেকের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। এসব চাল ২ অক্টোবর ইউপি চত্বরে বিতরণ করা হয়।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান ২ অক্টোবর তাঁর ওয়ার্ডের ৮৬ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করেন। তিনি ৩২ জনকে চাল না দিয়ে সেগুলো আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। বঞ্চিত ব্যক্তিরা ঈদের পর ৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘ঈদ ও পূজার কারণে ২ অক্টোবর চাল বিতরণের সময় আমি চাপের মুখে অন্য ৩২ জন মুসলমান ও হিন্দুকে ভিজিএফের চাল দিয়ে ফেলেছি। এর পরও আমি বঞ্চিত ওই ৩২ জন কার্ডধারীকে চালের সমপরিমাণ টাকা ফেরত দিতে রাজি আছি।’
তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ভিজিএফ কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের নিয়ে সভা হয়। সভায় উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায় গতকাল দুপুরে বলেন, ‘খলিলুর রহমানের এহেন কাজের জন্য সভায় তাঁকে জরিমানা করা হয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) রাত ১০টার মধ্যেই ওই ৩২ জনকে মাথাপিছু ১০ কেজি চালের দাম (প্রতি কেজি ২৫ টাকা হারে) পরিশোধ করবেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণ কাজের তদারকি কর্মকর্তা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মিজানুর রহমান বলেন, ‘আমি ২ অক্টোবর সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে চাল বিতরণ শুরু করে দিয়ে চলে এসেছি। পরে সমস্যার কথা চেয়ারম্যান সাহেব আমাকে বলেননি।’