ভিজিএফের চাল আত্মসাৎ, চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বারইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুর রহমানকে আজ সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ ইউনিয়নের সাগরগামী জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান বলেন, বারইখালী ইউনিয়নে সাগরগামী ১৮০ জন তালিকাভুক্ত মৎস্যজীবী আছেন। গত মার্চ মাস থেকে সরকার চার মাসের জন্য বঙ্গোপসাগরে জাটকা আহরণ নিষিদ্ধ করে। এই সময়ের জন্য সরকার তালিকাভুক্ত জেলেদের জন্য প্রণোদনা হিসাবে ৪০ কেজি করে চাল বরাদ্দ করে। জুন মাসের শেষ কিস্তিতে তালিকাভুক্ত এই জেলেদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছিল। ইউএনও বলেন, এই চাল বিতরণে অনিয়ম হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ঘটনাটি জানতে মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাজমুল হুদা পুলিশ নিয়ে সেখানে অভিযানে যান। তাঁরা তালিকাভুক্ত জেলেদের মাস্টাররোল পরীক্ষা করে দেখতে পান যে, সব চাল বিতরণ হয়ে গেছে। কিন্তু পরিষদের গুদাম তল্লাশি করে দেখা যায়, ওই চালের মধ্যে ৩১ বস্তা চাল গুদামে মজুত রয়েছে। ফলে জেলেদের বরাদ্দ করা চাল ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। ওই চাল চেয়ারম্যান নিজে আত্মসাৎ করে মজুত করেছেন বলে প্রতীয়মান হয়। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই চাল উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আটক ইউপি চেয়ারম্যান থানা হেফাজতে আছেন। মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করবেন।