ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নে ভিজিএফের চাল জনপ্রতি দেড় থেকে আড়াই কেজি করে কম দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এ চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা যায়, দুস্থ ব্যক্তিদের খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে মহাদান ইউনিয়নে গতকাল চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ২ হাজার ৬২৪ জন ভিজিএফকার্ডধারীর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল বেলা ১০টায় ইউপি কার্যালয়ে এ চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী।
ভিজিএফ কার্ডধারী ব্যক্তিরা অভিযোগ করেন, তাঁরা সাড়ে সাত কেজি থেকে সর্বোচ্চ সাড়ে আট কেজি করে চাল পেয়েছেন। ইউপি চেয়ারম্যান এ কে এম আনিছুর রহমান বাকি চাল আত্মসাৎ করেছেন।
ইউনিয়নের বনগ্রামের আবদুল আজিজ বলেন, তিনি বাড়িতে গিয়ে মেপে দেখেন তাঁকে সাড়ে সাত কেজি চাল দেওয়া হয়েছে। বিলবালিয়া গ্রামের তারা মিয়া ও রুবেল মিয়া বলেন, তাঁরা আট কেজি করে চাল পেয়েছেন।
চাল কম দেওয়ার কথা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। তিনি বলেন, চাল বিতরণের জন্য শ্রমিক খরচ রয়েছে। এ ছাড়া যাঁরা বেশি দুস্থ, তাঁদের বেশি চাল দেওয়া হয়েছে। এসব কারণে অন্যদের দু-এক কেজি করে কম চাল দেওয়া হয়েছে।
ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, ‘আমি যখন উপস্থিত ছিলাম তখন সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে। পরে কয় কেজি করে দেওয়া হয়েছে তা জানি না।’