ভিজিএফের চাল কালোবাজারি, চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য নেওয়ার সময় জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার ১০ দশটার দিকে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গোয়ালের চর ইউনিয়নের গরিব দুস্থদের মধ্যে বিতরণের জন্য সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০ বস্তা ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বরাদ্দকৃত ওই চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে ইসলামপুর উপজেলার সিরাজাবাদ গ্রামের চাল ব্যবসায়ী ফুলু মিয়ার কাছে বিক্রি করে দেন। গতকাল রোববার রাত ১০ দিকে চেয়ারম্যানের বাড়ি থেকে চাল ব্যবসায়ী ফুলু মিয়া দুটি মহিষের গাড়িতে করে সিরাজাবাদ গ্রামে ৫০ বস্তা চাল আনছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইউনিয়নের কুমিরদহ গ্রাম থেকে ওই চাল আটক করে। এরপর কুমিরদহ গ্রামের ফরহাদ আলী ও নবাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩০ বস্তা চাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত চাল ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়।

জামালপুরের ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ছাদরুল হাছান বলেন, ভিজিএফের চাল বিতরণ না করে চেয়ারম্যান বিক্রি করে দিয়েছিলেন। খবর পেয়ে কুমিরদহ গ্রাম থেকে ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের অভিযানের খবর পেয়ে চেয়ারম্যান এনামুল হক, ফুলু মিয়া, ফরহাদ আলী ও নবাব আলী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম বলেন, চাল উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ছাদরুল হাছান বাদী হয়ে চেয়ারম্যান মো. এনামুল হক, ফুলু মিয়া, ফরহাদ আলী ও নবাব আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।