ভিজিএফের চাল কোটায় ভাগাভাগি!
বগুড়ার ধুনটে দুস্থ ব্যক্তিদের মধ্যে ভিজিএফের চাল বিতরণের তালিকা এখন কোটা ভিত্তিতে ভাগাভাগি হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য রাখা হয়েছে ৫০ ভাগ। বাকি ৩০ ভাগ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আর শেষ ২০ ভাগ উপজেলা পরিষদের নামে রাখা হয়েছে। শেষ এই ভাগটিও এবার জামায়াতে ইসলামীর ভাগে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জামায়াত নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় দলটি এ বরাদ্দ পেতে যাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে এ বছর ধুনট উপজেলার ১০ ইউনিয়নের ১৬ হাজার ১৭৮টি দুস্থ পরিবারের প্রতিটির জন্য ২০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া গেছে। এই চাল ঈদের আগে বিতরণের জন্য দুস্থ পরিবারগুলোর তালিকা বানাতে প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি নির্দেশ দেওয়া হয়। কিন্তু ধুনট উপজেলার ইউনিয়ন ও উপজেলা পরিষদ এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় করে এই চাল বিতরণের তালিকা করার সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা ৫০ ভাগ, আওয়ামী লীগের নেতারা ৩০ ভাগ ও উপজেলা পরিষদের নামে ২০ ভাগ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি থেকে ও জামায়াতে ইসলামীর নেতা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদের ভাগে পড়া ২০ ভাগ বরাদ্দ নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করার সুযোগ পান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমির রেজাউল করিম বলেন, উপজেলা পরিষদের নামে থাকা বরাদ্দের ২০ ভাগে তিনি ৭০০ দুস্থ পরিবারের নাম অন্তর্ভুক্ত করেছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ার সুবাদে এ নামগুলো অন্তর্ভুক্ত করার সুযোগ পান। প্রতিটি ইউনিয়ন থেকে ৭০ জন করে মোট ৭০০ দুস্থ পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন তিনি। সরকারিভাবেই এ ধরনের কোটা ভিত্তিতে তালিকা বণ্টনের নির্দেশনা ছিল।
তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ভিজিএফের চাল বিতরণে কোটা ভিত্তিতে তালিকা বণ্টন করতে সরকারিভাবে কোনো নির্দেশনা ছিল না। স্থানীয়ভাবে দল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ তালিকা বণ্টন করা হয়েছে।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলাল বলেন, ‘জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার নির্দেশনা রয়েছে। তাই আমি আমার দলীয় কর্মীদের বাদ রেখে জামায়াত কর্মীদের নামে তালিকা করে তাঁদের রাজনৈতিকভাবে সক্রিয় হতে দিতে পারি না। এলাকার চেয়ারম্যান হিসেবে নিজস্ব দায়িত্ববোধ থেকে প্রকৃত দুস্থ ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে চাল বিতরণ করা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন বলেন, উপজেলা পরিষদের নামে ২০ ভাগ তালিকা রয়েছে। জামায়াতের আমির পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় হয়তো তালিকা করার সুযোগ পেয়েছেন। তবে জামায়াতের নামে তালিকা ভাগাভাগির বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম বলেন, জামায়াতের আমির উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় তিনি কোটাভিত্তিক ভাগাভাগির একটি অংশের দাবিদার। সেই অংশটাই তাঁরা দলীয় দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করবেন।
ধুনট উপজেলার বিদায়ী ইউএনও হাফিজার রহমান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫০ ভাগ, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ৩০ ভাগ ও উপজেলা পরিষদকে মোট বরাদ্দের ২০ ভাগ দেওয়া হয়েছে। তবে এ ধরনের ভাগাভাগির জন্য সরকারি কোনো নির্দেশনা ছিল না। স্থানীয়ভাবে সরকারদলীয় নেতা-কর্মীদের চাপের মুখে এ ধরনের ভাগাভাগি করা হয়েছে।