ভিজিএফের চাল জব্দ, মামলা
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে ভিজিএফের ৭৮ বস্তা চাল গত রোববার রাতে আটক করেছেন এলাকাবাসী। এ ঘটনায় আওয়ামী লীগের ১ নেতাসহ ১১ ব্যক্তির বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বিতরণের জন্য ২ হাজার ১৮০ বস্তা (১০৯ টন) চাল বরাদ্দ দেওয়া হয়। শনি ও রোববার ২ হাজার ৬৮ বস্তা চাল বিতরণ করা হয়। অবশিষ্ট চাল স্থানীয় একটি মাদ্রাসায় রাখা হয়। রোববার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিরউদ্দীন খাঁসহ ১১ জন সেখান থেকে ৭৮ বস্তা চাল নছিমনে করে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে চালবোঝাই নছিমনটি বাশুয়াড়ী গ্রামের দিঘিরপাড় এলাকায় পৌঁছালে এলাকাবাসী এসব চাল আটক করেন।
এদিকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এলাকাবাসী গতকাল ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে ইউএনও মোহাম্মাদ নাসির উদ্দীন মিয়া ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আওয়ামী লীগের নেতা মহিরউদ্দীন খাঁ বলেন, ‘দুস্থরা ঠিকমতো চাল পেলেন কি না, সাংসদ সাহেবের প্রতিনিধি হিসেবে সেটাই দেখাশোনা করেছি। এর বাইরে কী হয়েছে, আমি জানি না।’