ভিজিএফের চাল দেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮
কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের চাল দেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রহিমপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রহিমপুর গ্রামের মজিবর রহমানের শারীরিক প্রতিবন্ধী ছেলে আমানুর রহমান (৪০) মরিচা ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিএফের চাল সংগ্রহ করতে যান। চাল বিতরণকারীরা সারা দিন আমানুরকে বসিয়ে রেখে চাল না দিয়ে বিকেলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেন। খালি হাতে বাড়ি ফিরে গেলে আমানুরের পরিবারের লোকজন ক্ষুব্ধ হন। তাঁরা ভিজিএফের চাল বিতরণকারীদের গালমন্দ করেন। গালমন্দের খবর শুনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাল বিতরণকারী মসলেম সর্দারের নেতৃত্বে রাজ্জাক, রাজীব, সজীব, শরিফুল ও মজিবর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা মজিবর রহমানের বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। তাঁদের মধ্যে রিমন, বিল্লাল, তুফান, মজিবর প্রামাণিক, তসলিমা ও রাবেয়া খাতুনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।