ভিজিএফের চাল পাওয়া অনিশ্চিত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওজনে কম দিয়ে চাল বিক্রি করে দিয়েছেন এবং কিছু কার্ড নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদাম সিলগালা করে দিয়েছেন। এতে ওই ইউনিয়নের এক হাজার ৩০০ হতদরিদ্র ঈদের আগে চাল পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউনিয়নে ঈদ উপলক্ষেÿসরকারিভাবে দুই হাজার ৯০০টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রায় ৩০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেক কার্ডধারীর ১০ কেজি চাল পাওয়ার কথা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এক হাজার ৫০টি কার্ড ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজয় কুমার ভৌমিক ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজের কাছ থেকে নিয়ে গেছেন। তাঁদের কাছ থেকে আবার যুবলীগের কিছু কর্মী কার্ডগুলো ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছেন।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ডোয়াইল ইউপির চেয়ারম্যান গত মঙ্গল ও বুধবার ইউপি কার্যালয়ে এক হাজার ৬০০ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করেন। কিন্তু তিনি এক কেজি করে চাল কম দিয়ে তা বাজারে বিক্রি করে দেন। বাকি ২৫০টি কার্ড চেয়ারম্যানের কাছে আছে। এ দিকে গত (২৪ জুলাই) বৃহস্পতিবার চাল বিতরণের সময় ইউএনও ফ্লোরা বিলকিস ইউপি কার্যালয়ে এসে ২৫ জন ভুয়া কার্ডধারী পাওয়ায় চাল রাখার গুদাম সিলগালা করে দেন এবং একই সঙ্গে চাল বিতরণ বন্ধ করে দেন। এতে এক হাজার ৩০০ জন কার্ডধারীর ঈদের আগে চাল পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের ভিজিএফ কার্ডধারী আবদুল খালেক (৭০) বলে, ‘ঈদের আগে আমগো চাল দিল না। এহন কি কইরা ঈদের আনন্দ করব জানি না।’
ডোয়াইল ইউপির চেয়ারম্যান মাসুদ পারভেজ ওজনে কম দেওয়া এবং বাজারে চাল বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যুবলীগের নেতা-কর্মীরা ভিজিএফের এক হাজার কার্ড ছিনিয়ে নেওয়ায় এ অনিয়ম দেখা দিয়েছে। এ কারণে চাল বিতরণে কিছুটা অনিয়ম হওয়ায় ইউএনও গুদাম সিলগালা করে দিয়েছেন।
ইউএনও জানান, ভিজিএফের চাল বিতরণে অনিয়ম পাওয়ায় গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। নতুন করে দুস্থদের তালিকা করে ভিজিএফের চাল বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।