ভিজিএফের চাল বিক্রির টাকা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত মঙ্গলবার ভিজিএফের চাল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ ৩০ জনকে আসামি করে গতকাল বুধবার মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে চার হাজার ৪০০ দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল দেওয়ার স্লিপ বিতরণ করা হয়। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেখানে দলীয় নেতা-কর্মীদের দুই শতাধিক স্লিপ দেন। পরে দলীয় নেতা-কর্মীরা চাল তুলে বিক্রি করে দেন। এ টাকা ভাগাভাগি নিয়ে গত মঙ্গলবার সকালে শিলখুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল ইসলামের সঙ্গে ওই ইউনিয়ন যুবলীগের সদস্য জাহেদুল, আসাদুল, খোকন, হাবিবের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন দুপুরে ধলডাঙ্গা বাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।