ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম অনুযায়ী, গরিব মানুষের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করার কথা। কিন্তু দিনাজপুর পৌরসভায় পরিবারপ্রতি তিন কেজি করে সেই চাল বিতরণ করা হয়। গতকাল সকালে পৌরসভা চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
নিয়ম অনুযায়ী, গরিব মানুষের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করার কথা। কিন্তু দিনাজপুর পৌরসভায় পরিবারপ্রতি তিন কেজি করে সেই চাল বিতরণ করা হয়। গতকাল সকালে পৌরসভা চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ না করে নিজেদের তৈরি স্লিপ দিয়ে চাল বিতরণ করছিলেন।
বেলা একটার দিকে মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভিজিএফ কার্ডের চাল এভাবে বিতরণ করা অনিয়ম। কিন্তু চাহিদার তুলনায় কার্ড কম পাওয়ায় বেশির ভাগ গরিব মানুষ যাতে পায়, সে জন্য আমরা পাঁচ কেজি, তিন কেজি বা দুই কেজি করে স্লিপ তৈরি করে বিতরণ করেছি।’ চাল আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, ‘পবিত্র ঈদ উপলক্ষে গরিব মানুষের জন্য বরাদ্দ করা চাল বিতরণে এই অনিয়ম তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে আমি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি।’
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, ‘সরকারি নির্দেশনা অনুয়ায়ী প্রতিটি ভিজিএফ কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন। পৌরসভার মেয়র ও কাউন্সিলররা যা করেছেন তা সম্পূর্ণ বেআইনি। কারণ তাঁরা কত স্লিপ দিয়েছেন তার কোনো হিসাব নেই। এর ফলে প্রকৃত ভিজিএফ কার্ডধারীদের চাল না পাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্লিপে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।’ জেলা প্রশাসক আরও বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দিনাজপুর পৌরসভা সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে দিনাজপুর পৌরসভায় চার হাজার ৬২১টি দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। গতকাল শনিবার সকাল নয়টায় এই চাল বিতরণ শুরু হয়।
জানা গেছে, চাল বিতরণকালে অনেকে ভিজিএফ কার্ড দিয়ে ১০ কেজি করে চাল তুলেছেন, আবার অনেকে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সিল ও সই করা স্লিপ হাতে পাঁচ কেজি, তিন কেজি বা দুই কেজি করে চাল নিচ্ছেন। ভিজিএফের চাল ১০ কেজির পরিবর্তে পাঁচ কেজি বা এর চেয়ে কম চাল পাওয়া লোকজন এর প্রতিবাদ করলে বিষয়টি জানাজানি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ভিজিএফ কার্ডধারী ছাড়া অন্যদের চাল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
দুপুর ১২টায় পৌরসভা চত্বরে গিয়ে দেখা যায়, চাল না পেয়ে শতাধিক নারী-পুরুষ খালি হাতে ফিরে যাচ্ছেন। এ সময় শহরের ঘাসিপাড়া এলাকার সাবেরা বেগম (৪০) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম লাইজুর দেওয়া তিন কেজি করে দুটি চালের স্লিপ দেখিয়ে জানান, অনিয়মের কারণে পুলিশ এসে চাল বিতরণ বন্ধ করে দিয়েছে।