ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভুক্তভোগী ব্যক্তিরা গতকাল বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক ও ভুক্তভোগীরা বলেন, ঈদ উপলক্ষে ইউনিয়নের মোট ছয় হাজার দুস্থ মানুষের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। কয়েক দিন ধরে ওই চাল বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়। কিন্তু চেয়ারম্যান মো. জাহিদ হাসান ইউপি সদস্যের সঙ্গে কথা না বলেই ৭ নম্বর ওয়ার্ডের লোকজনের মধ্যে চাল বিতরণ করেন। নুরুল হক অভিযোগ করে বলেন, চাল বিতরণে চেয়ারম্যান স্বজনপ্রীতি করেছেন। ফলে প্রকৃত দুস্থরা চাল পাননি। চাল বিতরণে অনিয়মের অভিযোগে গতকাল দুপুর ১২টার দিকে ওই ওয়ার্ডের শতাধিক লোক ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যান জাহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ইউএনও রাজীব কুমার সরকার বলেন, ইউপি চেয়ারম্যান তাঁকে বলেছেন, ইউপি সদস্য নুরুল হক তাঁর ওয়ার্ডের দুস্থদের নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহ করতে যাননি। অনিয়মের অভিযোগটি ঈদের পর খতিয়ে দেখা হবে।