ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর সরদারের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, ২০ কেজি করে দেওয়ার কথা থাকলেও তাঁদের ১৪ থেকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ওই ইউনিয়নে গেলে ভিজিএফের চাল পেয়েছেন এমন বেশ কয়েকজন এই চাল বিতরণে অনিয়মের বিষয়ে অভিযোগ করেন। শৈলগাছী গ্রামের মোয়াজ্জেম হোসেন, আতাউল ও মোহাম্মদ মীম বলেন, তাঁদের ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১৪ থেকে ১৫ কেজি করে। প্রতিবাদ করলেও কেউ তোয়াক্কা করেননি।
গুমারদহ গ্রামের বাবর আলী নামের আরেকজন বলেন, ‘হামরা গরিব মানুষ বলে সরকার হামাগেরে কিছু সাহায্য-সহযোগিতা দেয়। তার মধ্য থাকিও কমিশন খাচ্ছে চেয়ারম্যান-মেম্বাররা।’
উপজেলা পরিষদ সূত্র জানায়, ঈদ উপলক্ষে দুস্থদের সহায়তা কর্মসূচির (ভিজিএফ) অংশ হিসেবে শৈলগাছী ইউনিয়নে ১ হাজার ৫৯৫ জন অসহায় ও দুস্থ লোককে ভিজিএফের কার্ড দেওয়া হয়। সেই হিসাবে ৭ হাজার ৭৯৯ মণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ড পাওয়া ব্যক্তিরা প্রত্যেকে ২০ কেজি করে চাল পাওয়ার কথা। গত বুধবার ভিজিএফের এসব চাল বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১৪ কেজি করে দেওয়া হচ্ছে। এর বাইরে আরও বড় অনিয়ম হয়েছে। ১ হাজার ৫৯৫ জনের তালিকা দেওয়া হলেও প্রকৃতপক্ষে চাল পেয়েছেন মাত্র ৪০০ থেকে ৫০০ জন। এমন অনেকের তালিকা দেওয়া হয়েছে, যাঁরা এই ইউনিয়নের বাসিন্দাই নন।’
তবে চেয়ারম্যান আবদুল গফুর সরদার বলেন, ১৪ থেকে ১৫ কেজি করে চাল বিতরণ করার কথা ঠিক না। তবে ১৭-১৮ কেজি করে দেওয়া হয়েছে। সরকারি গুদাম থেকে যে চালের বস্তাগুলো দেওয়া হয়েছে, সেখানে ওজন কম পাওয়া গেছে। আবার ভিজিএফের বরাদ্দ থেকেই লেবার ও পরিবহন খরচ দেওয়া হয়েছে। এ জন্য মাথাপিছু বরাদ্দ কমে গেছে। তালিকা অনুযায়ী সবাইকে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
শৈলগাছী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে প্রশাসনের পক্ষ থেকে তদারক কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) এমদাদুল হক বলেন, ‘বস্তার ওজনে কমবেশি হওয়ায় ২০ কেজি করে চাল দেওয়া যায়নি। এ জন্য প্রত্যেককে দুই-এক কেজি চাল কম দিতে হয়েছে।’
ইউএনও রবিউল ইসলাম বলেন, ‘গতকালই (বুধবার) এ ধরনের একটি অভিযোগ আমার কাছে আসে এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। দুই-এক কেজি করে চাল কম দেওয়ার কথা তাঁরা আমাকেও জানিয়েছেন। অনেক সময় দীর্ঘদিন গুদামে চালের বস্তা পড়ে থাকায় ওজন কমে যায়। এ কারণে মাথাপিছু চালের পরিমাণ কমে গেছে।’