ভিজিএফের চাল বিতরণে দুর্নীতির সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গঠিত তদন্ত কমিটি।
এক সদস্যের তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, প্রথম আলোয় প্রকাশিত দুস্থ জনগোষ্ঠীর খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণে নয়ছয়ের ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন অচিরেই ইউএনওর কাছে জমা দেওয়া হবে।
২১ জুলাই প্রথম আলোয় ‘ভিজিএফের চাল নিয়ে নয়ছয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পর ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ ওই তদন্ত কমিটি গঠন করেন।
জানা গেছে, সংবাদ প্রকাশের পর দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ২৬ জুলাই স্থানীয় শাহাপুর কমিউনিটি কেন্দ্রে সংবাদ সম্মেলন ডেকে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এ সময় তিনি প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেনের কঠোর সমালোচনা করেন।
ওই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করেন, তাঁর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে কোনো নয়ছয় হয়নি। তাঁকে সমাজে হেয় করার জন্য সংবাদটি ছাপা হয়েছে।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘এখনো তদন্ত প্রতিবেদন হাতে পাইনি। তবে জেনেছি তদন্তে প্রকাশিত সংবাদের সত্যতা মিলেছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
গত ঈদুল ফিতরের আগে ওই ইউনিয়নে অন্তত ৩০০টি ভিজিএফ কার্ড নামে-বেনামে দিয়ে চাল তুলে আত্মসাৎ করা হয়।