ভিজিএফের চালে নয়ছয়, চেয়ারম্যানের জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণে নয়ছয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে পাচারের সময় ১৩৮ বস্তা চাল পুলিশ জব্দ করে। এ ঘটনায় আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নির্বাহী কর্মকর্তা এ আদালত পরিচালনা করেন।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল সাকির সরকারের দেওয়া চাল মজুত করে পাচারের চেষ্টা করেছিলেন। চাল টমটমে তোলার সময় পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের সামনে গতকাল রাতে টমটমে করে ১৩৮ বস্তা সরকারি চাল পাচারের সময় জব্দ করে পুলিশ। এ খবর পেয়ে ইউএনও মাহমুদা রাতে ঘটনাস্থলে যান। তিনি ইউনিয়ন পরিষদের স্টক রেজিস্ট্রার ও মাস্টাররোল খতিয়ে দেখে মজুত চালের পরিমাণ বেশি পান।
পরে আজ সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ওই চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মজুত চাল আগামীকালের মধ্যে বিতরণের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।
করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা বলেন, ‘জব্দ করা ১৩৮ বস্তা চাল থানায় রাখা আছে। অতিরিক্ত মজুত চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণের সময় আমি নিজেও উপস্থিত থাকব।’
এদিকে চাল জব্দের ঘটনায় আজ সন্ধ্যায় করিমগঞ্জ থানার এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। পরে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, চাল পাচারকারীকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।