ভিজিএফের দুই টন গম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভিজিএফের দুই টন গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের সোহরাব মিয়ার বাড়ি থেকে এই গমগুলো জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১৬ হাজার ৬৬৮ জন হতদরিদ্রের জন্য সরকার ভিজিএফের ২২১ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। চুন্টা ইউপির ১ হাজার ৬৭৫ জনের জন্য বরাদ্দ দেওয়া হয় ২২ দশমিক ২৩ টন। সরবরাহ কম থাকায় এই গম ঈদের আগে বিতরণ করা সম্ভব হয়নি। ঈদের পর উপজেলার ৯টি ইউনিয়নে গম বিতরণ করা হয়। চুন্টা ইউনিয়নে ভিজিএফের গম বিতরণ করা হয় গত সোমবার।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গত সোমবার বিকেলে করাতকান্দি গ্রামের একটি বাড়িতে ভিজিএফের গম মজুত করে রাখার খবর পায় উপজেলা প্রশাসন। এরপর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় তিনি গ্রামের সোহরাব মিয়ার বাড়ি থেকে ৫১ বস্তা ভিজিএফের গম জব্দ করেন। পরে তিনি এসব গম ইউপি সদস্য জনাব আলীর জিম্মায় রাখেন। গম জব্দের পর থেকে সোহরাব মিয়া পলাতক রয়েছেন।

চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদের ভিজিএফের গম বিতরণের স্টক ও মাস্টাররোল ঠিক আছে। গমগুলো সুবিধাভোগী ব্যক্তিদের কাছ কোনো লোক কিনে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।

সরাইলের ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘গমগুলো জব্দের পর পুরো এক দিন অপেক্ষা করেছি। কোনো মালিক পাইনি। বিষয়টি সন্দেহজনক। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত গম ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।’