ভিজিএফের পচা চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ভিজিএফ কর্মসূচির অধীনে দুস্থ পরিবারের মধ্যে খাওয়ার অনুপযোগী পচা দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়েছে। এ ঘটনায় সুবিধাভোগী ও জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
গৌরনদী উপজেলা প্রকল্প কার্যালয় জানায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দুই হাজার পরিবারের জন্য ২০ টন, বার্থীর এক হাজার ৮৫০ পরিবারের জন্য সাড়ে ১৮ টন, চাঁদশীর ৯৫৮ পরিবারের জন্য সাড়ে নয় টন, মাহিলাড়ার এক হাজার ১৫০ পরিবারের জন্য সাড়ে ১১ টন, বাটাজোরের এক হাজার ৭৪০ পরিবারের জন্য সাড়ে ১৭ টন, নলচিড়ার এক হাজার ৮৫০ পরিবারের জন্য সাড়ে ১৮ টন, সরিকলের এক হাজার ৮৫০ পরিবারের জন্য সাড়ে ১৮ টন এবং গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের চার হাজার ৬০০ পরিবারের জন্য ৪৬ টনসহ মোট ১৬০ টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়।
খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ও সরিকল ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, ভিজিএফের যে চাল দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ পচা ও খাওয়ার অনুপযোগী। এসব চাল বিতরণ করতে গিয়ে সুবিধাভোগীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হচ্ছে, সম্পর্কেরও অবনতি ঘটছে। কিন্তু কিছুই করার নেই। যা বরাদ্দ দেওয়া হয়েছে, তা-ই বিতরণ করতে হয়েছে।
সম্প্রতি গৌরনদীর পৌর ভবনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ চলছে। এ সময় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল জানান, তাঁর ওয়ার্ডে ৩২০টি পরিবারের জন্য তিন টন ২০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় খাদ্য গুদাম থেকে যে চাল সরবরাহ করা হয়েছে, তা খুবই নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী। এ সময় ভিজিএফের চাল পাওয়া সোহেদা বেগম, শান্তি বিবি, আলিমা বেগম ও শানু বিবি বলেন, ‘মোরা খয়রাতি দেইখ্যা মোগো লগে সবাই তুচ্ছ করে। গুদামের পচা চাউল মোগে দিয়া বুঝ দিছে।’ একই ধরনের অভিযোগ করেন উপজেলার অন্য ইউনিয়নগুলোর সুবিধাভোগী ও জনপ্রতিনিধিরা।
গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বরাদ্দ দিয়ে থাকি গুদাম থেকে। তবে কী চাল সরবরাহ করা হয়, সে সম্পর্কে আমি জানি না।’
গৌরনদী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল হক বলেন, সরকারিভাবে কেনা ও গুদামজাত করা চালই বরাদ্দ দেওয়া হয়েছে। মিলাররা মানসম্মত চাল না দেওয়ায় অল্প সময়ে গুদামে চাল নষ্ট হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা বলেন, চাল সংরক্ষণ কর্মসূচির সময় ঠিকাদার ও মিলারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে নিম্নমানের চাল গ্রহণ করেছেন মো. সহিদুল হক।
তবে সহিদুল এই অভিযোগ অস্বীকার করেছেন।