ভিজিএফের ৪৭ বস্তা চাল উদ্ধার, আত্মগোপনে চেয়ারম্যান
কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভিজিএফের ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে। ঘটনার পর থেকে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৯ জুন যাদুরচর ইউনিয়নের দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডধারী সাত হাজার ৫২০টি পরিবারের জন্য এক হাজার ৫০৪ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল বরাদ্দের সরবরাহপত্র (ডিও) দেওয়া হয়। ওই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল হোসেন ১৯ জুলাই ওই চাল উত্তোলন করেন। ২০ জুলাই থেকে চাল বিতরণ শুরু হয়। ২৪ জুলাই বিকেল পাঁচটায় অপেক্ষমাণ ভিজিএফ কার্ডধারীদের জানানো হয়, চাল শেষ হয়ে গেছে। ওই ঘোষণার পর চাল বিতরণের কাজে নিয়োজিত ট্যাগ অফিসার (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা) আবু সাঈদ ও (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) রেজাউল কবির চলে যান। চাল না পাওয়া কার্ডধারীরা ক্ষুব্ধ হয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নানকে জানান।
এ পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাখাওয়াত হোসেন ও রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। তারা গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ইউপি কার্যালয়ের তালাবদ্ধ শৌচাগারের ভেতর থেকে ভিজিএফের ৪৭ বস্তা চাল উদ্ধার করে। ওই ঘটনার পর থেকে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।