ভিজিডির গম বিতরণ না হওয়ায় বিপাকে দুস্থরা
সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের দুস্থদের জন্য গত দুই মাসে বরাদ্দ দেওয়া ভিজিডির গম এখনো বিতরণ করা হয়নি। গুদাম থেকে চাল তোলার পরও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তা যথাসময়ে বিতরণ করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুস্থরা বিপাকে পড়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নে ১৩০ জন ভিজিডি কার্ডধারী রয়েছেন। মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে গত অক্টোবর ও নভেম্বরে সাত টন ৮০০ কেজি গম বরাদ্দ দেওয়া হয়। গত ১৮ অক্টোবর ও ২০ নভেম্বর গমের অনুমতিপত্র (ডিও) ছাড় দেওয়া হয়। প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে গম বিতরণ করার কথা। ওই ইউপির চেয়ারম্যান মহসীন আহমেদ মধ্যনগর খাদ্যগুদাম থেকে গত ২৫ নভেম্বর বরাদ্দ পাওয়া দুই মাসের গম একসঙ্গে তুলেন। তবে সেই গম তিনি এখনো বিতরণ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান সরকারি নিয়মনীতির কোনো তোয়াক্কা করেন না। এ নিয়ে কথা বলেও লাভ হচ্ছে না।
ভিজিডি কার্ডধারী কয়েকজনের অভিযোগ, বরাদ্দ পাওয়া গম প্রতি মাসে তাঁদের মধ্যে বিতরণ করা হয় না। এমনকি বিতরণের সময় ওজনেও কম দেওয়া হয়। তালিকা থেকে নাম বাদ পড়ে যেতে পারে, এ ভয়ে তাঁরা কেউ প্রতিবাদ করছেন না।
শ্রীপুর ইউনিয়নের ভিজিডির গম বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী বলেন, বরাদ্দ পাওয়া গম বিতরণের জন্য চেয়ারম্যানকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তিনি তাঁর কথা শুনছেন না।
মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. গোলাম কিবরিয়া জানান, গত ২৫ নভেম্বর ইউপি চেয়ারম্যান দুই মাসের ভিজিডির গম তুলে নিয়েছেন।
ইউপি চেয়ারম্যান মহসীন আহমেদ দাবি করেন, ‘আমি কোনো রকম অনিয়ম বা ক্ষমতার প্রভাব খাটাইনি। ব্যস্ততার কারণে যথাসময়ে ভিজিডির গম বিতরণ করতে পারিনি। বরাদ্দ পাওয়া দুই মাসের গম ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই তা বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।