নাটোরের বাগাতিপাড়া উপজেলা খাদ্যগুদামে ভিজিডি চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে উপজেলা প্রশাসন খাদ্যগুদাম থেকে নমুনা হিসেবে কিছু চালের বস্তা জব্দ করেছে। তারা অভিযোগের সত্যতাও পেয়েছে। তবে চাল কম হওয়ার জন্য খাদ্যগুদামের দাঁড়িপাল্লাকে দায়ী করছে গুদাম কর্তৃপক্ষ।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর অসচ্ছল নারীদের খাদ্য সহায়তা বাবদ প্রত্যেককে প্রতি মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করে থাকে। উপজেলায় এ রকম ১ হাজার ৯৮৫ জন সুবিধাভোগী রয়েছেন। এসব চাল খাদ্য অধিদপ্তর কর্তৃক উপজেলা খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। কিছুদিন ধরে সুবিধাভোগী নারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়, খাদ্যগুদাম থেকে প্রতি বস্তা চালে এক থেকে দুই কেজি করে কম দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের সুবিধাভোগী নারীরা ভিজিডি চাল ইউনিয়ন থেকে নিয়ে বাড়ি যাওয়ার আগে ওজন করে দেখেন, প্রতি বস্তাতেই চাল কম দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকেরা ওই দিন খাদ্যগুদামে কর্তব্যরত কর্মীদের কাছে জানালে তাঁরা তাঁদের কাঁটাপাল্লায় ওজন করেন। সেখানে ওজন সঠিক পান। বিভ্রান্তি দূর করতে চালের বস্তাগুলো আবারও একটি ডিজিটাল ওজন যন্ত্রে পরিমাপ করা হলে প্রতি বস্তায় এক থেকে দুই কেজি করে চাল কম পাওয়া যায়।
খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ করা থেকে শুরু করে সুবিধাভোগী নারীদের মাঝে বিতরণ করা পর্যন্ত কার্যক্রম তদারকি করার জন্য প্রতিটি ইউনিয়নে একজন সরকারি কর্মকর্তার দায়িত্বে বণ্টন করে দেওয়া আছে। বৃহস্পতিবার বাগাতিপাড়া ইউনিয়নের চাল উত্তোলন ও বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্ব ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলীর ওপর। তিনি ওই সময় দায়িত্ব পালন করেননি। এ ব্যাপারে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহেদুর রহমান বলেন, ‘আমার গুদাম থেকে চেয়ারম্যান সাহেবরা সঠিকভাবে চাল বুঝে নিয়ে যান। পরে চাল কম হলে আমার কিছু করার নেই। তবে গুদামের প্রচলিত কাঁটাপাল্লায় কিছু ত্রুটি থাকার বিষয়টি নজরে এসেছে। কাঁটাপাল্লার পরিবর্তে ডিজিটাল কাঁটা ব্যবহার করা হবে।’
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ‘আমরা সব ইউনিয়নের চেয়ারম্যান খাদ্যগুদাম থেকে কাঁটাদাঁড়িতে চাল মেপে নিই। কিন্তু ডিজিটাল পল্লায় মাপলে চাল কম হয়।’ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, অভিযোগ তদন্তের জন্য তাঁরা গুদাম থেকে পাঁচ বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন। এগুলো বাইরের ডিজিটাল কাঁটায় মাপ দিয়ে কিছু কম হওয়ার সত্যতা মিলেছে। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে ডিজিটাল পরিমাপ যন্ত্র ব্যবহার করা এবং বস্তা মেশিন দিয়ে সেলাই করার সুপারিশ করা হয়েছে।