ভিজিডির চাল কম দেওয়ায় চেয়ারম্যান কারাগারে
ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডধারী দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চার থেকে পাঁচ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীর নেতৃত্বে পুলিশ গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে চেয়ারম্যানসহ ইউপি সচিব তৌহিদুল আলম, দুই নম্বর ওয়ার্ডের সদস্য খাইরুল ইসলাম ও চৌকিদার জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে উপজেলা মহিলা কর্মকর্তা সাহিদা খাতুন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় মামলা করেন। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।