ভিজিডির চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখানে ভিজিডির খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগে ভবানীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নানকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা চত্বর থেকে তাঁকে আটক করা হয়।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান ও তাঁর লোকজন অসহায় ১৯২ নারীর মধ্যে ভিজিডির খাদ্যশস্য বিতরণ করছিলেন। প্রতি নারীকে ৩০ কেজি খাদ্যশস্য বিতরণ করার কথা থাকলেও ২১-২২ কেজির বেশি কেউ পাননি বলে অভিযোগ আসে। খবর পেয়ে ইউএনও তাত্ক্ষণিক মাঠে নেমে নারীদের চাল মেপে অভিযোগের সত্যতার প্রমাণ পান। পরে সারা দিন চুপচাপ থাকলেও আজ রাতে চেয়ারম্যানকে পুলিশের হাতে ধরিয়ে দেন ইউএনও।