ভিজিডির চাল যথাসময়ে বিতরণ না করায় মামলা
বগুড়ার ধুনটে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল নির্ধারিত সময়ে বিতরণ করতে না পারায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহম্মেদ এ মামলা দায়ের করেন।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জন্য উপজেলার ১০টি ইউনিয়নে ২ হাজার ৮৬ জন দুস্থ নারীকে খাদ্য নিশ্চিত করতে সরকার ভিজিডি কার্ড বরাদ্দ দিয়েছে। প্রতিটি কার্ডের অনুকূলে জানুয়ারি মাস থেকে তাঁদের দুই বছর মেয়াদে প্রতি মাসে ৩০ কেজি করে ও এক প্যাকেট পুষ্টি চাল পাওয়ার কথা ছিল। সেই হিসেবে ২০১৪ সালের নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে এই ভিজিডি কার্ডের তালিকা চূড়ান্ত করে ২০১৫ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখে বিতরণ করার নির্দেশনা ছিল। কিন্তু সরকারদলীয় নেতা-কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ওই তালিকা তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে চাল বিতরণ করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে মহিলা অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহম্মেদ ১২ মে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন। মামলার আদেশে বিবাদী পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে শুনানির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।
লায়লা আরজুমান্দ বানু বলেন, ‘মহিলা অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পরেই জরুরি সভা করে ভিজিডি কার্ডের তালিকা তৈরি করে চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের কয়েক দফা চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা সময়মতো তালিকা জমা দিতে পারেননি। বিষয়টি মহিলাবিষয়ক অধিদপ্তরে জানানো হয়েছে। তারপরও আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তা ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে চাল বিতরণের কাজে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।