ভিটাজমিকে বাগান দেখিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পৌর সদরের বিহারপুর মহল্লার ভিটাশ্রেণির জমিকে বাগানশ্রেণি দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাব-রেজিস্ট্রার জমিটির শ্রেণি বাগান হিসেবে দলিল সম্পাদন করেছেন। আর ভূমি কার্যালয়ের এসএ খতিয়ান ও ডুপ্লিকেট কার্বন রসিদে (ডিসিআর) জমিটির শ্রেণি রয়েছে ভিটা।
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, বিহারপুর মহল্লার ১০ শতক জমির দলিলদাতা নিপেন্দ্র নাথ দাস। তিনি ওই মহল্লার বাসিন্দা। আর দলিলগ্রহীতা একই মহল্লার ঠিকাদার বিনয় চন্দ্র প্রামাণিক। ৩ ফেব্রুয়ারি উপজেলা সাব-রেজিস্ট্রার বুলবুল আহমেদ ওই জমির শ্রেণি বাগান হিসেবে বিক্রয় দলিল সম্পাদন করেন। ওই দলিলের নথিপত্র ঘেঁটে দেখা যায়, সাব-রেজিস্ট্রি কার্যালয়ের তালিকাভুক্ত দলিল লেখক হাবিবুর রহমান ওই দলিলটি লিখেছিলেন।
সাব-রেজিস্ট্রি কার্যালয়ের মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত দরের তালিকায় বিহারপুর মৌজায় প্রতি শতক ভিটাশ্রেণি জমির মূল্য ১ লাখ ৪৯ হাজার ৩৬৯ টাকা আর বাগানশ্রেণির প্রতি শতকের মূল্য মাত্র ১৬ হাজার ৯১১ টাকা।
বাগান হিসেবে ওই জমির সরকারি মূল্য ১ লাখ ৬৯ হাজার ১১০ টাকা। সে অনুযায়ী, সরকারি দরের মোট টাকায় ১০ শতাংশ হিসেবে ১৬ হাজার ৯১১ টাকা দলিল সম্পাদনের রাজস্ব লাগার কথা। কিন্তু সম্পাদিত দলিলে মূল্য ১০ শতক জমির দাম ১ লাখ ৩০ হাজার টাকা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। ওই হিসাবে দলিলগ্রহীতা ৩০ হাজার ৫০০ টাকা রাজস্ব দিয়েছেন।
এদিকে ভিটাশ্রেণি হিসেবে জমির সরকারি মূল্য ১৪ লাখ ৯৩ হাজার ৬৯০ টাকা।
সে অনুযায়ী জমিটির দলিল খরচ ১ লাখ ৪৯ হাজার ৩৬৯ টাকা লাগার কথা। অর্থাৎ দলিলগ্রহীতা ১ লাখ ১৮ হাজার ৮৬৯ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন।
গ্রহীতা বিনয় চন্দ্র প্রামাণিক বলেন, ‘আমি মুহুরিকে জমির প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি। জমির দলিল সম্পাদিত হয়েছে।’ দলিল সম্পাদনে মুহুরিকে কত টাকা দিতে হয়েছে, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
ওই দলিলের লেখক (মুহুরি) হাবিবুর রহমান জানান, সরকারি রাজস্ব কমানোর জন্য দলিলে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছিল। এটি সাব-রেজিস্ট্রারকে জানানো হলে তিনি দলিলটি সম্পাদন করেননি। প্রায় এক মাস তাঁর কাছে দলিলটি পড়েছিল।
সাব-রেজিস্ট্রার বুলবুল আহমেদ জানান, ‘জমিটি রেজিস্ট্রির সময় দলিল লেখক হাবিবুর রহমান এসএ খতিয়ান ও ডিসিআর দাখিল করেছিলেন। খতিয়ান ও ডিসিআরে জমির শ্রেণি বাগান ছিল। তাই জমিটি রেজিস্ট্রি করিয়ে দিয়েছি। রাজস্ব নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, জমির শ্রেণি পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।