ভিড়ের মধ্যে গুলি, ২৫ লাখ টাকা ছিনতাই
ভিড়ের মধ্যে গুলি করে ২৫ লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে সবার সামনে দিয়ে হেঁটে চলে গেল চার ছিনতাইকারী। গতকাল পুরান ঢাকার তাঁতীবাজারে এ ঘটনা ঘটে। আহত স্বর্ণের দোকানের কর্মী পার্থ সাহাকে (৩৭) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আহাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তাঁতীবাজারের সাদ জুয়েলার্সের কর্মী পার্থ সাহা দোকানমালিকের দেওয়া একটি চেক ভাঙাতে ইসলামপুরের আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকে যান। ব্যাংক থেকে ২৫ লাখ টাকা নিয়ে বিকেল সোয়া চারটার দিকে তাঁতীবাজারে ফিরছিলেন তিনি। তখন সেখানে প্রচুর লোকসমাগম ছিল। এত মানুষের মধ্যেই চারজন ছিনতাইকারী পার্থর পায়ে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে হেঁটে চলে যায়। গুলির শব্দে কেউ এগিয়ে আসেনি।
তাঁতীবাজারের স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় বেশ কয়েকটি দুর্গাপূজার মণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। আর এমনিতেই সরু রাস্তার ওই এলাকায় প্রচুর মানুষের সমাগম থাকে। এর ভেতরেই ছিনতাইকারীরা গুলি করে টাকার ব্যাগটি নিয়ে চলে যায়।