ভিডিও দেখে গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গত বুধবার ঢাকার মিরপুর থেকে চারজন ও অন্য স্থান থেকে দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ১৬ ভরি সোনাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে মিরপুরে রংপুরের গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। ডাকাত দলের সদস্যরা বুধবার মিরপুরের একটি সোনার দোকানে পীরগাছার সোনার দোকানের লুট করা সোনা বিক্রি করতে যান। এ সময় গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়। এরপর তাঁদের কাছে থাকা ১৬ ভরি সোনা উদ্ধার করা হয়। তবে ডাকাতি হওয়া সব মাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে গ্রেপ্তার অভিযান চালাতে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-ঠিকানা জানায়নি পুলিশ। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘শুধু রংপুরের পীরগাছায় নয়, এই ডাকাত চক্রটির সঙ্গে একটি বিরাট চক্র জড়িত রয়েছে। পুরো চক্রটিকে আশা করি খুব শিগগির গ্রেপ্তার করা সম্ভব হবে।’

গত সোমবার ভোররাতে একদল ডাকাত উপজেলার জেএন মডেল উচ্চবিদ্যালয় মার্কেটের সুমিতা জুয়েলার্সের নৈশপ্রহরীকে মারধর করে আটকে রেখে দোকানে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণে সোনা লুট করে নিয়ে যায়। এ সময় নৈশপ্রহরী আবেদ আলী (৫৫) ছাড়াও পাশের জুতার দোকানের দুই কর্মচারী আনোয়ার হোসেন (৩৫) ও বেলাল হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা।