রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ছিনতাইয়ের পর গাড়িচাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্তে ভিডিও ফুটেজের আশ্রয় নিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে ওই গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলের কাছে অবস্থিত দুটি বিলাসবহুল হোটেলের প্রধান ফটকে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা দৃশ্য পর্যবেক্ষণ করছে পুলিশ।
এ ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শহীদুর রহমান আজ সোমবার বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানান।
গতকাল রোববার ভোরে খিলক্ষেতের কুড়িল এলাকায় ছিনতাইয়ের পর অনন্ত বিশ্বাস (২৮) নামের এক যুবককে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে অনন্ত মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, অনন্ত একজন রিকশাভ্যানের চালক। তাঁর বাড়ি গাইবান্ধায়। স্ত্রী কাকলী রানী বিশ্বাসকে নিয়ে তিনি মিরপুর শেওড়াপাড়ায় থাকতেন। এবার পূজায় এ দম্পতি গাইবান্ধায় যান। পূজা উদ্যাপন শেষে গতকাল ভোরে গাইবান্ধা থেকে ঢাকায় ফেরেন তাঁরা। কুড়িল এলাকায় বাস থেকে নামলে একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করে। কাকলীর গলায় থাকা সোনার চেইনটি ওই যুবকেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অনন্ত বাধা দেন। তখন ওই যুবকেরা লাঠি দিয়ে পিটিয়ে অনন্তকে সড়কে ফেলে দেয়। এরপর সোনার চেইন ও সঙ্গে থাকা আরও কিছু জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে দ্রুত চলে যায় যুবকেরা। যাওয়ার সময় সড়কে পড়ে থাকা অনন্তকে গাড়িচাপা দেয় তারা। ঘটনার পর নিহত অনন্তের স্ত্রী কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করেন।
শহীদুর প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির স্ত্রী শোকাহত। তাই এখন পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়িটি নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, ওই গাড়িটি ছিল একটি পিকআপ। আবার কেউ বলছেন, প্রাইভেটকার। এখন গাড়িটি শনাক্তের কাজ চলছে। এ ক্ষেত্রে ভিডিও ফুটেজের আশ্রয় নিতে হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ চলছে। নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলে এবং ফুটেজ পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।