ভিডিও ফুটেজ দেখে চট্টগ্রামে ‘মাজারের’ ভেতরে দুজনকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন সেই যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ বলছে, সেই যুবকের দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনাটির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তবে ফুটেজে তার চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না।
গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের আকবর টিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজার’ নামে পরিচিত এক কক্ষের একটি ঘরে গলা কেটে হত্যা করা হয় রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও খাদেম আবদুল কাদেরকে।
পুলিশ বলছে, জুমার নামাজের সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর শুক্রবার বেলা দুইটার দিকে ওই মাজারের সামনে দিয়ে শার্ট-প্যান্ট পরা অপরিচিত এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখে এলাকাবাসী।
ধাওয়া দিয়ে ওই যুবককে জাপটে ধরেন স্থানীয় এক বাসিন্দা। তখন ওই যুবক ছুরি মেরে এবং দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যান।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন রাতে বায়েজীদ বোস্তামী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
জোড়া হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, যুবকটি পালানোর একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। কিন্তু ফুটেজটিতে তার চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। ফুটেজে যুবকটির শারীরিক গঠন দেখে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া পুলিশের বিশেষ দলও তাঁকে ধরতে মাঠে রয়েছে।