ভিডিওচিত্র দেখে ছয়জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা হাটে শিশু অপহরণকারী সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল রোববার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুঠোফোনে ধারণ করা হত্যার ভিডিওচিত্র দেখে ওই ছয়জনকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খোকন সরদার (৩২), আহসান হাবীব (২৫), সুজন দাশ (১৮), বিশু চন্দ্র দাশ (২৭), লিটন দাশ (২০) ও আবু বক্কর সিদ্দিক (১৬)। আবু বক্কর সাঁথিয়া উপজেলার পৌর সদরের এবং বাকিরা উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
২৫ আগস্ট দুপুরে করমজা হাটে শিশু অপহরণকারী সন্দেহে আসলাম হোসেন (৪৫), আলাউদ্দিন হোসেন (৫০) ও আবু বক্কর (৫৫) নামের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, চার-পাঁচজন যুবক হাটে ভিড়ের মধ্যে ওই তিনজনকে ধরে ‘ছেলেধরা’ বলে চিৎকার করলে শত শত মানুষ সেখানে ভিড় করে। এরপর ক্ষিপ্ত জনতা ওই তিনজনকে পিটিয়ে হত্যা করে। ঘটনার দিন রাতে আলাউদ্দিনের ভাই রানা হোসেন অজ্ঞাতনামা দু-তিন হাজার আসামির বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনার সময় কয়েকজন মুঠোফোনে হত্যার ভিডিওচিত্র ধারণ করেছিলেন। পুলিশ কয়েকটি ভিডিওচিত্র সংগ্রহ করে ওই ছয়জনকে শনাক্ত করার পর তাঁদের গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁদের পাবনার বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ সোমবার আদালতে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
নিহত আসলামের গ্রামের বাড়ি দিনাজপুরে, আলাউদ্দিনের নাটোরে এবং আবু বক্করের বগুড়ায়। তাঁদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দাবি করেন, নিহত ব্যক্তিরা একে অপরের আত্মীয়। নিজ নিজ এলাকায় তাঁরা কাঁচামালের ব্যবসা করতেন। কাঁচামাল কিনতে তাঁরা করমজা হাটে গিয়েছিলেন। তাঁরা ‘ছেলেধরা’র সঙ্গে জড়িত নন।
জানতে চাইলে সাঁথিয়া থানার ওসি শাহিদ বলেন, এখনো পর্যন্ত ঘটনার নেপথ্যে কোনো কারণ বা তথ্য জানা যায়নি। রিমান্ডে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার ব্যাপারে তথ্য নেওয়া হবে।