ভিন্ন নামে আমদানি করা এক টন ঘনচিনি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এক টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। তাঁরা বলছেন, ভিন্ন নামে ওই ঘনচিনি আমদানি করেছিলেন ওমর ফারুক নামের একজন আমদানিকারক। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বাবুবাজার থেকে তাঁকে আটক করা হয়।
বিকেল পাঁচটার দিকে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে সংস্থার মহাপরিচালক মইনুল খান সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় চট্টগ্রাম বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে। ওই মামলায় ওমর ফারুককে গ্রেপ্তার দেখানো হবে। তাঁকে ওই থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
শুল্ক গোয়েন্দা সূত্র বলেছে, স্বাস্থ্যঝুঁকির কারণে বিভিন্ন দেশে ঘনচিনি নিষিদ্ধ। ২০০৬ সালে বাংলাদেশ সরকারও ঘনচিনি আমদানি নিষিদ্ধ করে। সম্প্রতি একটি ব্যাংকে এলসি খুলে কাগজে-কলমে সোডিয়াম সেট্রিট নাম ব্যবহার করে চীন থেকে এক টন পণ্য আমদানি করেন ওমর ফারুক। কিন্তু গত রোববার চট্টগ্রাম শুল্ক ভবনের ল্যাবে রাসায়নিক পরীক্ষা করে দেখা যায়, আমদানি করা পণ্য সোডিয়াম সেট্রিট নয়, এগুলো সোডিয়াম সাইক্লামেট অর্থাৎ ঘনচিনি। পরে ওই ঘনচিনি জব্দ করে ঠিকানা অনুযায়ী আমদানিকারক ওমরকে আটকের চেষ্টা করা হয়। কিন্তু আমদানিরকারক ভুয়া ঠিকানা ব্যবহার করায় প্রথমে তাঁকে ধরা যায়নি। পরে কৌশল করে রাজধানীর বাবুবাজার থেকে গতকাল বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ঘনচিনির প্রতি কেজির দাম ২৪০ টাকা। আর সাধারণ চিনি কেজিপ্রতি দাম ৪০ টাকা। কিন্তু এক কেজি ঘনচিনি ৫০ কেজি সাধারণ চিনির মতো কাজ করে। এদিক থেকে ঘনচিনি সাশ্রয়ী। ফলে দই, মিষ্টি, আইসক্রিম, বিভিন্ন পানীয়, এমনকি চকলেট-টফি তৈরিতে অনেকে ঘনচিনি ব্যবহার করছে। ঘনচিনি দিয়ে তৈরি দ্রব্য খেলে ক্যানসার, কিডনি রোগ, হজমশক্তি হ্রাসসহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হওয়ার আশঙ্কা থাকে। ওমর ফারুক যে সোডিয়াম সেট্রিট নাম ব্যবহার করে ঘনচিনি আমদানি করেছেন, তা আসলে এক ধরনের অ্যাসিড। এটি দেখতে ঘনচিনি অর্থাৎ সোডিয়াম সাইক্লামেটের মতোই। এমনকি সাধারণ চিনির সঙ্গেও ঘনচিনির পার্থক্য খালি চোখে নির্ণয় করা বেশ কঠিন।
সংবাদ ব্রিফিংয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক ওমর ফারুক গত কয়েক বছরে সোডিয়াম সেট্রিট ছাড়াও বিভিন্ন নামে ১০ বার ঘনচিনি আমদানি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। এই চিনি তিনি কোন গুদামে রেখেছেন তা জানার চেষ্টা চলছে। এ ছাড়া বিভিন্ন বাজারেও নজরদারির মাধ্যমে ঘনচিনি শনাক্তের চেষ্টা চলছে। চট্টগ্রাম বন্দরে যেসব মালামাল আমদানি করা হয়েছে সেসবও ল্যাবে পরীক্ষা করা হবে।
মইনুল খান বলেন, আগে ১০ বার ঘনচিনি আমদানি করে ওমর ফারুক ধরা-ছোঁয়ার বাইরে থাকার কারণও খতিয়ে দেখা হবে। আগে কোন ল্যাবে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষার ধরনই বা কেমন ছিল, কারা পরীক্ষার প্রক্রিয়ায় ছিল— সবকিছুই খতিয়ে দেখা হবে।