ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা ও অনিয়ম করায় সাতজনকে অব্যাহতি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় এবং আসনবিন্যাসে অনিয়ম করার দায়ে একটি কেন্দ্রের সচিব, তত্ত্বাবধায়কসহ সাত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার রূপসদী খোদাইবাড়ি আলিম মাদ্রাসা এবং বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার রূপসদী খোদাইবাড়ি আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিলের কোরআন মজিদ ও তাজবীদ পরীক্ষায় পাঁচ নম্বর কক্ষে ৫২ জন পরীক্ষা দেয়। এতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রশ্ন বিতরণ করা হয়। ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হওয়ার দুই ঘণ্টা পর বিষয়টি জানাজানি হয়। এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল দুপুরে ওই কেন্দ্রের সচিব ফরদাবাদের আকবর আল উলুম মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন রুশদী, কেন্দ্র তত্ত্বাবধায়ক তেজখালী কাজী এম এ মালেক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়ার উল্লাহ, কক্ষের পর্যবেক্ষক তেজখালী কাজী এম এ মালেক দাখিল মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান, আকবর আল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মো. আবদুল্লাহ এবং দরিকান্দি গোলাম আকবর মিল্কি মাদ্রাসার শিক্ষক মো. আবুল বাশারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোমবার বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের ভেন্যু কেন্দ্র বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের ১২ নম্বর কক্ষে ৯৬ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের সাত-আটজন পরীক্ষার্থীর আসন সঠিকভাবে বিন্যাস না করার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীনের নজরে আসে।
ইউএনও নূর-ই-খাজা আলামীন বলেন, ‘মাদ্রাসার ছাত্রদের ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়ে আমি মাদ্রাসা বোর্ডে কথা বলেছি। তারা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করবে। এতে পরীক্ষার্থীদের উদ্বেগের কোনো কারণ নেই। এটি একটি বড় ভুল। আসন নিয়ে নয়ছয় করায় বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিরস্কার এবং একই বিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।’