২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ অক্টোবর। মাঝে ব্যবধান আড়াই বছরের কিছু বেশি। শুরুর তারিখটিতে হত্যা করা হয় ব্লগার রাজিব হায়দারকে। এরপর চলতি বছর আরও চারজন ব্লগারকে হত্যা করা হয়। আর সর্বশেষ তারিখটিতে হত্যা করা হলো নিহত এক ব্লগারের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে। প্রতিটি হত্যার মাঝে সময়ের ব্যবধান ছিল। ব্লগার থেকে শুরু হয়ে হামলার লক্ষ্য হলেন প্রকাশকেরা। কিন্তু হামলার ধরনে কোনো পরিবর্তন হয়নি। পাঁচজন ব্লগার ও একজন প্রকাশককে হত্যা করা হয় একই রকম ভাবে।
পৃথক সময়ে হত্যার শিকার ছয়জনের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, প্রত্যেককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পেছন দিকে কোপানো হয়েছে। ঘাড় ও মাথা লক্ষ্য করেই হামলাগুলো হয়েছে। হামলাকারীরা হাতের কবজি কেটে ফেলার চেষ্টা করেছে। আঘাতের ধরন দেখে চিকিৎসকেরা বলেছেন, হামলার জন্য চাপাতি ব্যবহার করা হয়েছিল।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজিব হায়দার মিরপুরে নিজ বাড়িতে খুন হন। এই ঘটনার দুই বছর পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ৩০ মার্চ ব্লগার ওয়াশিকুর রহমানকে তেজগাঁওয়ের সড়কে, ১২ মে অনন্ত বিজয় দাসকে সিলেটে নিজ বাসা থেকে অফিসে যাওয়ার পথে এবং ৭ আগস্ট নীলাদ্রি চট্টোপাধ্যায়কে রাজধানীর বাসাবোর নিজ বাসায় খুন করা হয়। সর্বশেষ জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন খুন হন রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে।
হত্যার শিকার ছয়জনের মধ্যে দুজন নিজ বাসায় এবং একজন নিজ কার্যালয়ে আর বাকি তিনজন প্রকাশ্যে সড়কে বা ফুটপাতে খুন হন। স্থানের ভিন্নতা থাকলেও হামলার ধরন একই। পেছন থেকে কুপিয়ে হত্যা করা। সর্বশেষ খুন হওয়া ফয়সালকে তাঁর কার্যালয়ে উপুড় করে শুইয়ে তারপর পেছনের দিকে ঘাড় ও মাথা লক্ষ্য করে কোপানো হয়েছে।
গতকাল শনিবার হামলায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ, লেখক-ব্লগার তারেক রহিম ও রনদীপম বসু এবং এর আগে হামলার শিকার ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপরও একই কায়দায় হামলা করা হয়। সৌভাগ্যক্রমে তাঁরা বেঁচে যান।
রাজিব হায়দারের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন ছিল। ঘাড় ও মাথা লক্ষ্য করেই এই আঘাত করা হয়। পিঠেও আঘাত ছিল। ওই ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘাড় এবং মাথায় যে আঘাত করা হয়েছে, এ ধরনের একটি আঘাতই মৃত্যু ঘটাতে পারে। ফয়সালের মতো রাজিবকেও উপুড় করে শুইয়ে তারপর আঘাত করা হয় বলে মনে করা হয়। নীলাদ্রীকেও একইভাবে কোপানো হয়। প্রতিটি আঘাত করা হয় শরীরের পেছনে।
সড়কের ওপর খুন হন ব্লগার অভিজিৎ, ওয়াশিকুর ও অনন্ত। এই তিনজনকে প্রকাশ্যে সড়কের ওপর কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। পেছন থেকে এসে দুর্বৃত্তরা ঘাড় ও মাথায় আঘাত করে। এই হামলায়ও চাপাতি ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে। এতে নিহতদের ঘাড় ও মাথার পেছনে গভীর ক্ষত হয়।
ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, হামলাকারীরা পেছন দিয়ে এসে তাঁর মাথা ও ঘাড় বরাবর আঘাত করে। ২০১৩ সালের জানুয়ারিতে তাঁর ওপর হামলা হয়।