ভিসাযুক্ত ১০টি পাসপোর্ট ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে একটি ট্রাভেল এজেন্সির এক ব্যবস্থাপকের কাছ থেকে ভিসাযুক্ত ১০টি পাসপোর্ট ভর্তি একটি ব্যাগ ছিনতাই হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের কোতোয়ালি থানা এলাকার সিনেমা প্যালেসের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ফটিকছড়ি ওভারসিজের ব্যবস্থাপক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, আগ্রাবাদ জনশক্তি কার্যালয় থেকে কাজ সেরে নগরের রেয়াজউদ্দিন বাজারে যান। সেখান থেকে পায়ে হেঁটে নিজ কার্যালয়ে আসার পথে সিনেমা প্যালেস এলাকায় তাঁর হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যান মোটরসাইকেল আরোহী দুই যুবক। ওই ব্যাগের মধ্যে কাতার ও ওমানের ভিসা লাগানো ১০টি পাসপোর্ট ছিল। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।