ভিড়ের মধ্যে মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নিচ্ছে একটি চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে ভিড় সেখানেই সক্রিয় পকেটমার ও ছিনতাইকারী চক্র। কিছু বুঝে ওঠার আগেই লোকজনের কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ কৌশলে ছিনিয়ে নিচ্ছেন চক্রের সদস্যরা। ঈদের কেনাকাটা করতে আসা লোকজন তাঁদের শিকার হচ্ছেন। বাসেও যাত্রীবেশে উঠছেন এই চক্রের সদস্যরা। চট্টগ্রাম নগরের দেওয়ানহাট পোস্তারপাড় এলাকা থেকে গত রোববার রাতে এই চক্রের ছয়জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

৬ জনই ১৫ দিন থেকে ১ মাস আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। ঈদবাজারে লোকজনের সমাগম বেশি হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তাঁরা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন বলে ডিবি জানায়। নগরের লালদীঘি পাড়, জহুর হকার্স মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ চৌমুহনী এলাকার মার্কেট ও যাত্রীবাহী বাসে ভিড়ের মধ্যে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন ছয় ছিনতাইকারী। তাঁরা হলেন মো. বাদশা, মো. জামাল, মো. কালু, মো. মুন্না, মো. আলাউদ্দিন ও মো. সোহেল।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হ‌ুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ঈদবাজারকে ঘিরে নগরে ৪৫ থেকে ৫০ পকেটমার সক্রিয় রয়েছে। গ্রেপ্তার করা চক্রটির দলনেতা মো. শাহাবুদ্দিন ও ফারুক। দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ভিড়ের মধ্যে একটু সাবধানে চলাফেরা করলে এরা সুযোগ পাবে না।

গতকাল সোমবার দুপুরে নগরের লালদীঘি পাড়ের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ওই ছয়জন প্রথম আলোকে বলেন, ভিড়ের মধ্যে মার্কেট কিংবা বাসে দলের তিন থেকে চারজন সদস্য একসঙ্গে থাকেন। প্রথমে একজন ভিড়ের মধ্যে নির্দষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে তাঁর গা ঘেঁষে দাঁড়ান। আরেকজন লক্ষ্য করা ব্যক্তির পকেট থেকে মোবাইল কিংবা মানিব্যাগ কৌশলে তুলে নেন। এ কাজ যিনি করেন তাঁদের ভাষায় তাঁকে ‘মিস্ত্রি’ বলা হয়। আর মিস্ত্রি সঙ্গে সঙ্গে দলের আরেক সদস্যের কাছে ছিনতাই করা মুঠোফোন বা মানিব্যাগ ‘পাস’ (হস্তান্তর) করে দেন, যাতে পাশের লোক সন্দেহ করলে মিস্ত্রির কাছে কোনো মালামাল না পান। সুযোগ বুঝে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান। ছিনিয়ে নেওয়া মোবাইল নগরের রেলস্টেশন এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন তাঁরা। দিনে গড়ে পাঁচ থেকে ছয়টি মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া সম্ভব হয় বলে জানান তাঁরা।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ৬ ছিনতাইকারীর বিরুদ্ধে ৬ থেকে ৭টি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা ৮ থেকে ১০ বছর ধরে এই অপরাধে জড়িত। তাঁদের নির্দিষ্ট কিছু আইনজীবীও রয়েছেন, যাঁরা বাকিতে তাঁদের হয়ে মামলা লড়েন। মুক্তি পেয়ে আইনজীবীর খরচ দেন তাঁরা।