ভুট্টাখেতে কলেজছাত্রীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে জবেদা খাতুন (২০) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাড়পাইখা গ্রামে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জবেদা ওই গ্রামের জয়নাল হকের মেয়ে। তিনি মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত নয়টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে জবেদা বাড়ি থেকে বাইরে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের ভুট্টাখেতে জবেদার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, গলায় ওড়না পেঁচিয়ে জবেদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর ডান চোখও থেঁতলে দেওয়া হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।