ভুবনেশ্বর নদ থেকে লাশ উদ্ধার
ফরিদপুরের সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. আলীম আকন্দ। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর হবে বলে পুলিশ ধারণা করছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালীতে ভুবনেশ্বর নদ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোহিনূর বেগম জানান, আলীম পিয়াজখালী এলাকার খাঁ গ্রামের মৃত সত্তার আকনের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। আজ বেলা ১১টার দিকে ওই ব্যক্তির লাশ ভুবনেশ্বর নদে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আলীম। ধারণা করা হচ্ছে, ওই দিনই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। তিন দিন হয়ে যাওয়ায় লাশে পচন ধরেছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।