ভুয়া আমমোক্তারনামা দিয়ে ৮০ কোটি টাকা তোলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া আমমোক্তারনামা দিয়ে এক প্রবাসীর ব্যাংক হিসাবে থাকা ৮০ কোটি টাকা তোলার চেষ্টার সময় ১১ জনকে আটক করেছে গুলশান থানার পুলিশ। গতকাল রোববার বেলা দুইটার দিকে গুলশানের একটি ব্যাংক থেকে তাদের আটক করা হয়।
আটক ১১ জন হলো: হাসিবুল হাসান, মিরাজুল ইসলাম, সাব্বির রহমান, নজরুল হক, সাহাবুর রহমান, খোরশেদ আলম, দেলোয়ার হোসেন, সেলিম আহম্মেদ, শাহজাহান, কাজী মো. শাহাদত হোসেন ও মাহবুবুর রহমান। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
গুলশান থানার পুলিশ জানায়, ভুয়া আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দিয়ে আটক ১১ জন গুলশানে ব্র্যাক ব্যাংক শাখায় সাইফুল ইসলাম নামের এক প্রবাসীর ব্যাংক হিসাব থেকে ৮০ কোটি টাকা তুলতে গিয়েছিল। ওই আমমোক্তারনামাসহ কাগজপত্র সন্দেহজনক হওয়ায় ব্যাংক কর্মকর্তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তাঁদের আটক করে।
গুলশান থানার পুলিশ জানায়, প্রবাসী সাইফুলের ওই ব্যাংক হিসাবে প্রায় ৯০ কোটি টাকার মেয়াদি আমানত (এফডিআর) আছে। সেখান থেকে ৮০ কোটি টাকা সরিয়ে নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছে ওই ১১ জন। প্রবাসী সাইফুলের নাম ব্যবহার করে ভুয়া আমমোক্তারনামাটি তৈরি করেছে কাজী শাহাদত হোসেন। ওই আমমোক্তারনামা নিয়ে শাহাদতসহ কয়েকজন বেশ কয়েক দিন ধরে ওই শাখায় ঘোরাঘুরি করছে। টাকা তোলার জন্য ওই আমমোক্তারনামাসহ কাগজপত্র কিছুদিন আগে ব্যাংকে জমা দেয় কাজী শাহাদত। তখন সন্দেহ হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়। ব্যাংক কর্মকর্তারা টাকা নিতে শাহাদতদের গতকাল ব্যাংকে আসতে বলেন। সে অনুযায়ী দুপুরে কাজী শাহাদতসহ দুজন টাকা তুলতে ব্যাংকে যায়। তখন ব্যাংক কর্মকর্তারা তাদের জানান, ওই টাকা বহন করতে আরও লোক লাগবে। এতে শাহাদত আরও নয়জনকে ব্যাংকে ডেকে নেন। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা পুলিশ কর্মকর্তারা ওই ১১ জনকে আটক করে থানায় নিয়ে যান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা প্রতারক চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার চেষ্টার কথা স্বীকার করেছে। তারা কোথা থেকে কীভাবে ভুয়া আমমোক্তারনামা তৈরি করেছে, চক্রটির সঙ্গে আর কারা জড়িত, তাদের আরও জিজ্ঞাসাবাদ করে এসব জানার চেষ্টা করা হবে। তিনি বলেন, ওই প্রবাসীকে হয়তো এরা চেনে। অথবা অন্য কোনোভাবে ব্যাংক হিসাব সম্পর্কে তথ্য জোগাড় করেছে। তাদের তথ্য পাওয়ার উৎসও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বলেন, বেশ কয়েকটি প্রতারক চক্র জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলছে বা তোলার চেষ্টা করছে। এমন কয়েকটি ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল ওই ব্যাংক পুলিশকে এ জালিয়াতির চেষ্টার খবর দেয়।